ডেস্ক নিউজ : পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা সেবন ও সংরক্ষণের অপরাধে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (৫ জুলাই) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত রেইডিং টিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীনের নেতৃত্বে পিরোজপুর সদর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ইয়াবা সেবন ও সংরক্ষণের অভিযোগে উত্তর নামাজপুর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রিপন শেখ (৩০), পিতা: মন্নান শেখ এবং একই এলাকার মো. শাহজালাল (২৬), পিতা: মৃত ইসকান্দার আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা রুজু করেন। আদালত উভয় আসামিকে ২০ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডাদেশ কার্যকরের জন্য দুই আসামিকে পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

















