Wednesday , 21 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মেঘ-বৃষ্টি দেখলেই আতঙ্ক, নদীভাঙনে বিলীন হচ্ছে পিরোজপুরের জনপদ

আবুল কালাম, জিয়ানগর : মেঘ কিংবা বৃষ্টি দেখলেই তীব্র আতঙ্কে দিন কাটে পিরোজপুরের নদীতীরবর্তী লাখো মানুষের। কখন ভেঙে পড়বে বেড়িবাঁধ, কখন নদীগর্ভে বিলীন হবে বসতভিটা, ফসলি জমি কিংবা চলাচলের সড়ক—এমন দুশ্চিন্তায় কাটছে তাদের দিনরাত। বছরের পর বছর নদীভাঙনে বদলে যাচ্ছে জনপদের চিত্র। কচা, পানগুছি, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙনে নিঃস্ব হচ্ছেন অসংখ্য পরিবার। অথচ দীর্ঘদিনেও অনেক এলাকায় গড়ে ওঠেনি কার্যকর ও টেকসই প্রতিরোধব্যবস্থা। ভাঙন রোধে ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা।

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের কলারন ও খোলপটুয়া গ্রামসহ নদীতীরবর্তী বিভিন্ন এলাকার মানুষের কাছে বর্ষা মৌসুম মানেই আতঙ্ক। নদীর পানি বাড়লেই বাড়িঘর ও ফসলি জমি হারানোর শঙ্কা দেখা দেয়। গত কয়েক বছরে নদীভাঙনে অনেক স্থানে বেড়িবাঁধ ভেঙে নদী বসতভিটার আঙিনায় এসে পৌঁছেছে। কোথাও কোথাও স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে অস্থায়ীভাবে বাঁধ মেরামত করলেও তা কত দিন টিকবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

উপজেলার কালাইয়া, টগড়া, বালিপাড়া ও চন্ডিপুরসহ বিভিন্ন এলাকার মানুষও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ আশ্রয় নিয়েছেন আশ্রয়ণ প্রকল্পে, আবার কেউ জীবিকার তাগিদে ছেড়েছেন ভিটেমাটি। কচা, বলেশ্বর ও পানগুছি নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি, সড়কসহ বিভিন্ন স্থাপনা। এতে ঘরবাড়ি হারানোর পাশাপাশি কৃষি ও জীবিকার সংকটে পড়ছেন নদীতীরবর্তী পরিবারগুলো।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেক এলাকায় বেড়িবাঁধ নেই, আবার কোথাও বাঁধ থাকলেও তা ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ। ফলে জোয়ারের পানি ও প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি, ফসলি জমি এবং চলাচলের পথ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁরা দ্রুত টেকসই বেড়িবাঁধ ও সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নদী থেকে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।

খোলপটুয়া গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি মো. মিজান খান বলেন, “মোড়েলগঞ্জের সোলমবাইরা থেকে পথেরহাট হয়ে বলেশ্বর খাল দিয়ে জিয়ানগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় মানুষ বসবাস করতে পারছে না। আগে বেড়িবাঁধ ছিল, কিন্তু ভেঙে গেছে। যতবারই বাঁধ নির্মাণ করা হয়, ততবারই ভেঙে যায়। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে কৃষিজমি নষ্ট হয়, ঘরে পানি ওঠে, জমি নদীতে বিলীন হয়ে যায়। তাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাচ্ছি।”

পার্শ্ববর্তী কলারন গ্রামের জেলে মো. রাজিব হাওলাদার বলেন, “আমাদের একটাই দাবি—এলাকার ভাঙা বেড়িবাঁধ দ্রুত টেকসইভাবে নির্মাণ করতে হবে। যাতে আমরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারি এবং কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নিতে পারি। আমরা চাই, সরকার আমাদের পাশে দাঁড়াক।”

উত্তর কলারন গ্রামের দিনমজুর ও জেলে মো. মাসুম খান বলেন, “সন্ন্যাসী খেয়াঘাট থেকে পথেরহাট পর্যন্ত বলেশ্বর নদীর বেড়িবাঁধ বিভিন্ন স্থানে ভেঙে গেছে। কলারন ও গাজীরহাট বাজার এলাকায় ভাঙন বেশি। নদীতে তীব্র স্রোতের কারণে বাঁধ টিকছে না। এতে আমাদের বাড়িঘর তলিয়ে যায়, চলাচল করা কঠিন হয়ে পড়ে।”

তিনি আরও বলেন, “এলাকাবাসী মিলে কিছু জায়গায় বাঁধ মেরামত করেছি, কিন্তু আবার ভেঙে যায়। বেড়িবাঁধের জন্য কর্মকর্তারা বারবার মাপজোখ করলেও কাজের অগ্রগতি দেখা যায় না। বিলে পানি ঢুকে ফসলি জমি তলিয়ে থাকে। কৃষিকাজ করা কঠিন হয়ে পড়েছে। এবার ধানের বীজ বপন করেও পানিতে নষ্ট হয়েছে। এতে লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘরের মাটির চুলা পানিতে ডুবে যায়। শিশুদের নিয়ে রান্না করে খাওয়াও কঠিন হয়ে পড়ে।”

চন্ডিপুর বাজারের ওষুধ ব্যবসায়ী ও পল্লিচিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, “আমাদের এলাকা বন্যাপ্রবণ। পানির চাপে প্রতিবছরই বেড়িবাঁধ ভেঙে যায়। বসতভিটা, গবাদিপশু ও গাছপালাসহ মানুষের শেষ সম্বল নদীতে বিলীন হয়ে যায়। বিশেষ করে চন্ডিপুর, খোলপটুয়া, কলারন ও সন্ন্যাসী এলাকা বেশি ক্ষতিগ্রস্ত। কচা ও পানগুছি নদীর সংযোগস্থলে পানির প্রবল চাপে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।”

তিনি বলেন, “প্রতিবছরই আমাদের দুর্ভোগ পোহাতে হয়। আমরা চাই, বেড়িবাঁধের গুরুত্বপূর্ণ অংশগুলো ব্লক দিয়ে টেকসইভাবে নির্মাণ করা হোক, যাতে মানুষ নিরাপদে বসবাস করতে পারে।”

জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ওয়ালিউর রহমান রুবেল বলেন, “এ উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের প্রকল্প রয়েছে। বিভিন্ন এলাকা থেকে ভাঙনের খবর পেলে এবং সংশ্লিষ্টরা আবেদন করলে আমরা তা পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়ে দিই। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়।”

পিরোজপুর পানি উন্নয়ন বিভাগের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, “শুধু জিয়ানগর উপজেলায় ৩৫ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর কিছু অংশ অরক্ষিত অবস্থায় আছে। কোনো স্থানে বেড়িবাঁধে ভাঙন দেখা দিলে সংসদ সদস্যের ডিও লেটারের ভিত্তিতে জরুরি ব্যবস্থা নেওয়া হয়। এ ছাড়া রাজস্ব খাতের আওতায়ও কিছু কাজ করা হয়ে থাকে।”

তিনি আরও বলেন, “জেলার সন্ধ্যা, বলেশ্বর ও কচা নদীর ফিজিবিলিটি সমীক্ষার কাজ চলমান রয়েছে। এ কাজ শেষ হলে কোন কোন স্থানে ভাঙনের ঝুঁকি বেশি, তা নির্ধারণ করা সম্ভব হবে। এরপর চিহ্নিত এলাকাগুলোর জন্য ডিপিপি তৈরি করে বোর্ডে দাখিল করা হবে। পরবর্তী সময়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

নদীভাঙনে বছরের পর বছর ঘরবাড়ি, ফসলি জমি ও জীবিকার শেষ সম্বল হারাচ্ছেন পিরোজপুরের নদীতীরবর্তী মানুষ। তাঁদের দাবি, শুধু অস্থায়ী মেরামত নয়, ভাঙনপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও কার্যকর নদীশাসনের উদ্যোগ নিতে হবে। অন্যথায় নদীগর্ভে হারিয়ে যেতে পারে আরও বহু মানুষের বসতভিটা ও জীবিকার অবলম্বন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, এতিমখানায় দান

পটুয়াখালীতে বেশি দামে তেল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা

পিরোজপুর-নেছারাবাদে উন্নয়নকাজ পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী, বললেন—জনগণের সরকারই জনগণের জন্য কাজ করে

মঠবাড়িয়ার মাঠে ডিসি আবু সাঈদ, ঘুরে দেখলেন সরকারি সেবা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

থানার নাকের ডগায় সিনান ট্রেডার্সে চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

৭ নভেম্বরের চেতনায় পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঐতিহ্যের খোঁজে শ্রীনগরে

ঐতিহ্যের খোঁজে শ্রীনগরে