ডেস্ক নিউজ : পিরোজপুর সদর উপজেলার ৬৬ নং খামকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির পরদিনই রোপণ করা বেশ কয়েকটি চারা গাছ গবাদিপশুর আক্রমণে মৃতপ্রায় হয়ে পড়েছে। গাছগুলোর সুরক্ষা ও পরিচর্যার ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, বৃক্ষরোপণের সময় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও পরবর্তীতে চারা গাছগুলোর সংরক্ষণে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে রোপণের মাত্র একদিনের মধ্যেই গবাদিপশু গাছগুলো নষ্ট করে ফেলেছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রানীর দায়িত্বে অবহেলার কারণেই বিদ্যালয়ের এ ধরনের করুণ অবস্থা সৃষ্টি হয়েছে। তাদের মতে, সামান্য বেড়া বা সুরক্ষার ব্যবস্থা করা হলে চারা গাছগুলো এভাবে নষ্ট হতো না।
এ ঘটনায় এলাকাবাসী সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি তদন্ত এবং ভবিষ্যতে বৃক্ষরোপণের পর যথাযথ সংরক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।














