ডেস্ক নিউজ : সরকারি চাকরিজীবীদের ১১ থেকে ২০ গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য রেশন ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিসি সম্মেলন-২০২৬-এ উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর মধ্যে এ বিষয়টিও ছিল, যা সরকারের নীতিগত অনুমোদন পেয়েছে।
জানা গেছে, সম্মেলনে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ ১১-২০ গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য রেশন ব্যবস্থা চালুর প্রস্তাব জোরালোভাবে উপস্থাপন করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে নিম্ন ও মধ্যম আয়ের সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে এ উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন।
সরকারের এ সিদ্ধান্তকে সরকারি কর্মচারীদের কল্যাণে একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মচারী সংগঠন এ দাবি জানিয়ে আসছিল। রেশন ব্যবস্থা চালু হলে ১১-২০ গ্রেডের কর্মচারীরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য সংগ্রহের সুযোগ পাবেন, যা তাদের আর্থিক চাপ কিছুটা লাঘব করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
এদিকে, সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিভিন্ন মহল সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে ডিসি সম্মেলনে বিষয়টি গুরুত্বের সঙ্গে উত্থাপন করায় পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী।













