ডেস্ক নিউজ : পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সন্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পিরোজপুর এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত রেইডিং টিম নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমীনের নেতৃত্বে পিরোজপুর সদর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে হাতেনাতে গ্রেপ্তার করা হয় মো. মহিদুল ইসলাম (৪৫), পিতা- মৃত লতিফ শেখ এবং গোবিন্দ মণ্ডল (৩৫), পিতা- মৃত কমলকৃষ্ণ মণ্ডলকে। উভয়ের বাড়ি পিরোজপুর সদর উপজেলার মাছিমপুর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. আল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি মামলা রুজু করেন। আদালত মো. মহিদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড এবং গোবিন্দ মণ্ডলকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত ও আরও জোরদারভাবে পরিচালিত হবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।















