ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম সম্প্রতি লন্ডনের একটি রেস্তোরাঁয় সাবেক ছাত্রদল নেতা সফিকুল ইসলাম রিবলুর মুখোমুখি হয়ে তীব্র প্রশ্ন ও সমালোচনার সম্মুখীন হয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি টেবিলে বসে পানীয় গ্রহণ করছিলেন শ ম রেজাউল করিম। এ সময় সফিকুল ইসলাম রিবলুসহ কয়েকজন তার সামনে গিয়ে উচ্চস্বরে ক্ষোভ প্রকাশ করেন এবং আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন ঘটনা নিয়ে তার কাছে জবাবদিহি দাবি করেন।
ভিডিওতে সফিকুল ইসলাম রিবলু বিগত প্রায় ১৭ বছরে গুম, খুন ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে ধরেন। তিনি বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের প্রসঙ্গ উল্লেখ করে তৎকালীন সরকারের সময়ে বিরোধী দলীয় নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগও উত্থাপন করেন।
এ ঘটনায় শ ম রেজাউল করিমকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাতে দেখা যায়নি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলেও ঘটনার বিষয়ে স্বাধীনভাবে সংশ্লিষ্ট অভিযোগ বা বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা শ ম রেজাউল করিম ২০১৮ সালে প্রথমবার আওয়ামী লীগের মনোনয়নে পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি একনেকের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। ওই নির্বাচনে শ ম রেজাউল করিম ৮৫ হাজার ৪১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম এ আউয়াল (ঈগল প্রতীক) পান ৭৫ হাজার ৪৮৭ ভোট।
ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
















