জনপথ ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সন্ধ্যা নদীর চিরাপাড়া মোহনা, লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জব্দ করা জালের মধ্যে সাড়ে ৭ হাজার মিটার অবৈধ সুতার জাল এবং ১ হাজার মিটার চায়না দুয়ারি জাল রয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে নদীর বিভিন্ন স্থান থেকে জালগুলো জব্দ করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, মা ইলিশ দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। প্রজনন মৌসুমে ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ মাছের উৎপাদন বাড়বে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে অবৈধ জাল ফেলে ইলিশ শিকার করতে না পারে, সে জন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মা ইলিশ রক্ষায় পুরো প্রজনন মৌসুমজুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার বলেন, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে দিন-রাত তদারকি ও অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, সরকারি ঘোষণা অনুযায়ী, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে। এ সময়ে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ।
















