জিয়াউল হক : পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পিরোজপুর সদর উপজেলার ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার মো. ফজলুল হকের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসী তাঁর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
মাহফিলে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহি, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চুসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক মাস্টার মো. ফজলুল হক বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন তাঁর প্রাণপ্রিয় বন্ধু। ১৯৭২ সাল থেকে তাঁরা একসঙ্গে লেখাপড়া করেছেন। দীর্ঘদিনের সেই বন্ধুর অসুস্থতার খবর তাঁকে ব্যথিত করেছে। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। বন্ধুর দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, তাঁর বন্ধু যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আবার সবার মাঝে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সে জন্য তিনি ব্যক্তিগতভাবে সবার কাছে দোয়া চেয়েছেন।
দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি তাঁর স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তনের জন্য বিশেষ প্রার্থনা করেন।
















