জিয়াউল হক :
দেশব্যাপী সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
সোমবার (১৬ নভেম্বর) বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সাবিরুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে মিছিলটি ঢাকা-পিরোজপুর মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সাবিরুল ইসলাম হাওলাদার বলেন, যানবাহনে অগ্নিসংযোগ, জনজীবনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের মতো সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড কখনোই মেনে নেওয়া যায় না। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার সব সময় শান্তি, প্রগতি ও আইনের শাসনের পক্ষে রয়েছে।
তিনি আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশের চলমান অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সব সময় সজাগ ও সতর্ক থাকতে হবে।
সমাবেশে বক্তারা দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টাসহ যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপতৎপরতা প্রতিরোধে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
















