জনপথ ডেস্ক : পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছালাম শেখ এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখের নিঃশর্ত মুক্তি ও তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে কদমতলা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে কদমতলা বাজারে মুল সড়কের দু’পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস সেখের সভাপতিত্বে মানববন্ধনে কদমতলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা ও ইউপি সদস্য মো. রিয়াজ হোসেন উজ্জ্বল, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালিকিন তপন, যুবদল নেতা মুকুল সেখ, বাজার কমিটির সভাপতি মহসিন মোল্লা, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বাসুদেব শেন ও নারী প্রতিনিধি সুমি আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আব্দুস ছালাম শেখ ও হাসিব শেখ সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে সাজানো ও মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা। অবিলম্বে তাঁদের নিঃশর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
মানববন্ধন থেকে বক্তারা আরও বলেন, দ্রুত মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তি দেওয়া না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

















