জনপথ ডেস্ক : পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৬-এর ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) পিরোজপুর সদর উপজেলার ৭৭ নম্বর করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী শিক্ষক জিনিয়া ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট দেবাশীষ গুহ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিদের বিদ্যালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম, পিরোজপুর সদর ইউপিইটিসির ইন্সট্রাক্টর রনু আহমেদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউনুস আলী, করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম, ৭৭ নম্বর করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী মণ্ডল, বিদ্যালয়ের জমিদাতা শাহাদাৎ হোসেন এবং এসএমসি ও পিটিএ কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।
মা সমাবেশে বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জনই শিক্ষার মূল লক্ষ্য নয়; শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও জরুরি। এ ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সন্তানদের পড়াশোনার প্রতি নিয়মিত নজর দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

















