জনপথ ডেস্ক : জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘন বিষয়ে বস্তুনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর গুরুত্ব দিয়ে পিরোজপুরে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“Reporting on Climate Change, Environmental Harm and HRV” শীর্ষক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)। সংস্থাটির “Environmental Human Rights for a Just Transition: Strengthened Local CSOs Transforming Climate Hotspots into Resilient Communities (ENGAGE)” প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে এবং নেটজ বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্পটির আওতায় পিরোজপুরের মঠবাড়িয়া ও ইন্দুরকানিসহ উপকূলীয় এলাকার পরিবেশ ও মানবাধিকার বিষয়ে কাজ করা হচ্ছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) পিরোজপুর শহরের ‘ডাক দিয়ে যাই’ কার্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। দুই দিনব্যাপী প্রশিক্ষণটি ২৭ ও ২৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুর জেলার স্থানীয় ও পরিবেশবিষয়ক সাংবাদিকতায় যুক্ত ২৫ জন সাংবাদিক অংশ নেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব, স্থানীয় পর্যায়ে পরিবেশগত ক্ষতি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পরিবেশ ও জলবায়ুবিষয়ক সংবাদে তথ্য-উপাত্ত সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, তথ্যের সত্যতা যাচাই এবং ক্ষতিগ্রস্ত মানুষের বক্তব্য ও অধিকার যথাযথভাবে তুলে ধরার কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণে বক্তারা বলেন, উপকূলীয় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় পরিবেশবিষয়ক সাংবাদিকতার গুরুত্ব দিন দিন বাড়ছে। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের জীবন-জীবিকা, স্বাস্থ্য, নিরাপদ পানি, কৃষি, মৎস্য ও বসবাসের ওপর যে প্রভাব পড়ছে, তা গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা প্রয়োজন। পরিবেশগত ক্ষতি ও এর কারণে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার লঙ্ঘনের বিষয়গুলো অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তারা।
প্রশিক্ষক হিসেবে ছিলেন নেটজ বাংলাদেশের প্রতিনিধি, খুলনা বিশ্ববিদ্যালয়ের Environmental Science Discipline-এর সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ-আল-মাসুদ, কোডেকের পরিচালক সফিউল্লাহ মজুমদার এবং নিডস বাংলাদেশের পরিচালক সারা খাতুন। এছাড়া কোডেকের টেকনিক্যাল অফিসার কাজী সানি ফেরদৌসসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা প্রশিক্ষণে অংশ নেন। কর্মশালাটি সার্বিকভাবে সমন্বয় করেন কোডেকের সমন্বয়কারী শংকর বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন পিরোজপুর প্রেস ক্লাবের সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক খেলাফত হোসেন খসরু।
দুই দিনের প্রশিক্ষণ শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রশিক্ষণ সম্পন্নকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণের মধ্যে দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

















