মোঃ হাবিবুর রহমান : ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে পিরোজপুরে পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় খাল থেকে আগাছা-আবর্জনা অপসারণের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে বিশেষ কার্যক্রম চালানো হয়।
শনিবার (৩১ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয়সংলগ্ন নিজামুদ্দিন খাল ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইকিং ও প্রচার-প্রচারণা চালানো হয়।
অভিযানকালে নিজামুদ্দিন খাল থেকে আগাছা ও বিভিন্ন ধরনের আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি জলাবদ্ধতা নিরসন এবং এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়। এর মাধ্যমে মশার লার্ভা ও পূর্ণবয়স্ক মশা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী, পিরোজপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহামুদুর রহমান মামুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল হাই এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জামাল মল্লিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাবিবুর রহমানসহ জেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পিরোজপুর গড়ে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে খাল, নালা-নর্দমা ও জলাবদ্ধ স্থান নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি বাড়িঘর ও আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।















