জনপথ ডেস্ক : ‘ধান, নদী, খাল—এই তিনে বরিশাল’ বিভাগ ব্র্যান্ডিংয়ের স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় খাল পরিষ্কার অভিযান শুরু করেছে পৌর প্রশাসন। শহরের জলাবদ্ধতা নিরসন ও হারিয়ে যেতে বসা খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে নেওয়া এ উদ্যোগে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীরা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ভান্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী মুচিরখাল (কাজীবাড়ী ও মিয়াবাড়ী সংলগ্ন) পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান।
এ সময় পৌর প্রশাসক বলেন, পৌর শহরে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পেতে হলে প্রথমেই খালগুলো পরিষ্কার করতে হবে এবং খালের পাড় দখলমুক্ত করে পুনরুদ্ধার করতে হবে। এ লক্ষ্যেই খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর এ উদ্যোগে সাড়া দিয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন।
ভাণ্ডারিয়া বিডি ক্লিনের সমন্বক মেহেদী হাসান বলেন, পৌর প্রশাসকের ডাকে সারা দিয়ে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম মলাদ, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মিরাজ হাওলাদার, ২ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি কাজী সফিকুল আলম সুমনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং স্থানীয় সুধীজন।
















