ডেস্ক নিউজ : সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই বলেছেন, “পিরোজপুরের প্রতি বাংলাদেশ সরকারের আলাদা দৃষ্টি রয়েছে।” তিনি বলেন, জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী নিজেও পিরোজপুরের উন্নয়ন নিয়ে জেলার সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি কে এম সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোমিনুল কবির সিপারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আবু হাসান খান।
মতবিনিময় সভায় এমপি সুলতানা জেসমিন জুই সাংবাদিকদের সঙ্গে একই সারিতে বসে উপজেলার উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন।
তিনি বলেন, নাজিরপুরের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের আরও সক্রিয় হতে হবে। এলাকার মানুষের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে নাজিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংশ্লিষ্ট বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। তারা নাজিরপুরের অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান টিপু হাজরা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম শামীম হাসান, সদস্য সচিব তারিক আব্দুল্লাহ বাপ্পিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

















