জনপথ ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি এডভোকেট আবুল কালাম আকন, পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ, জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি তরিকুল ইসলাম নজিবুল, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা ও অবদানের কথাও তুলে ধরেন তারা।
পরে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজকরা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকার প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁর আত্মার মাগফিরাত কামনাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।

















