জনপথ ডেস্ক : ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি, আদালতে সাক্ষীদের উপস্থিতি নিশ্চিত করা এবং বিচারক ও আদালত প্রাঙ্গণের নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়ে পিরোজপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৪ নভেম্বর) পিরোজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নুরুল আফছার। প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান।
সম্মেলনে পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, বিভিন্ন পর্যায়ের বিচারক এবং জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মো. মজিবুর রহমান মামলার দ্রুত নিষ্পত্তির স্বার্থে সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। অন্যদিকে, পুলিশ সুপার আদালত প্রাঙ্গণের নিরাপত্তা আরও জোরদার করতে কোর্ট ইন্সপেক্টরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
সভায় সিভিল সার্জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডোপ টেস্টের ব্যবস্থা চালু এবং মেডিকেল সনদ প্রদানকারী চিকিৎসকদের সিলের সঙ্গে মুঠোফোন নম্বর সংযুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানান।
সমাপনী বক্তব্যে সভাপতি মো. নুরুল আফছার দ্রুত মেডিকেল সনদ প্রদান ও সংগ্রহ এবং ডোপ টেস্টের কিট সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। তিনি বলেন, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে সামারি ট্রায়ালের মাধ্যমে মাদক সেবনের মতো বিচারযোগ্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা গেলে অপরাধপ্রবণতা কমানো সম্ভব।
তিনি বিচার বিভাগ ও পুলিশের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে বিচারিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

















