ডেস্ক নিউজ: পিরোজপুরে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা এক এতিম কন্যার বিয়ের আয়োজন করা হয়েছে। জেলার ইতিহাসে সরকারি শিশু পরিবারের কোনো এতিম কন্যার বিয়ে জেলা প্রশাসনের আনুষ্ঠানিক ব্যবস্থাপনায় সম্পন্ন হওয়ার এটিই প্রথম ঘটনা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
রোববার (১২ জুলাই) রাতে সরকারি শিশু পরিবার প্রাঙ্গণে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে এ বিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কনের অভিভাবকের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। তিনি কনে সুহানি আক্তারকে আনুষ্ঠানিকভাবে বরের হাতে তুলে দেন এবং নবদম্পতির সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবনের জন্য শুভকামনা জানান।
জানা যায়, পিতামাতা হীন সুহানি আক্তার ২০১৫ সালে সরকারি শিশু পরিবারে আশ্রয় পান। সেখানে বেড়ে উঠেই তিনি প্রাপ্তবয়স্ক হন। ১৮ বছর পূর্ণ হওয়ার পর পিরোজপুর সদর উপজেলার জুসখোলা গ্রামের রাকিব শেখের সঙ্গে এক লাখ এক টাকা দেনমোহরে তাঁর বিয়ে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর পিরোজপুরের উপপরিচালক মো. ইকবাল করিম, পিরোজপুর সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শাবানা খানম, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমতসহ জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।
বিয়েকে ঘিরে সরকারি শিশু পরিবারে সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। সেখানে বসবাসরত এতিম ও দুস্থ শিশুরা তাদের সহপাঠীর নতুন জীবনের সূচনাকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে। হাসি, শুভেচ্ছা আর আবেগে মুখরিত হয়ে ওঠে পুরো শিশু পরিবার প্রাঙ্গণ।
উপস্থিত অতিথিরা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অভিভাবকহীন শিশুদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, মানবিক কর্তব্যও বটে। জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ উদ্যোগকে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল ব্যাপকভাবে সাধুবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সরকারি শিশু পরিবারে বেড়ে ওঠা এতিম ও অসহায় সন্তানদের জীবন গঠনে এবং তাদের স্বাভাবিক পারিবারিক জীবন নিশ্চিত করতে এ ধরনের মানবিক উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

















