জনপথ ডেস্ক : পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের আগামী দুই বছরের জন্য ৬১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ও তিন সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. রানেল হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. কামাল হোসেন দায়িত্ব পেয়েছেন।
করোনা মহামারির সংকটকালে স্থানীয় একদল তরুণের উদ্যোগে ২০২০ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে অরাজনৈতিক এই সংগঠনটি বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. মুনান হাওলাদার, সহ-সভাপতি মো. জামিল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব হোসেন, অর্থ সম্পাদক তাজিম উদ্দীন, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাকির আহমেদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক কাজী মহিবুর এবং নারী বিষয়ক সম্পাদক তন্নি খানম।
সংগঠনের কার্যক্রমে দিকনির্দেশনা দিতে তিন সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। এতে রয়েছেন গোলাম রসুল সোহাগ, কামরুল তালুকদার ও কামাল মাসুম।
সংগঠন সূত্রে জানা গেছে, করোনাকালে খাদ্য সহায়তা, রমজান ও ঈদে অসহায় মানুষের মধ্যে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, রাস্তাঘাট সংস্কার, বেড়িবাঁধ নির্মাণে জনসম্পৃক্ততা, বৃক্ষরোপণ, রক্তদান ও ব্লাড ক্যাম্পেইন, শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা, খেলাধুলার আয়োজন, পরিচ্ছন্নতা অভিযান, ক্যারিয়ারবিষয়ক কার্যক্রম এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাও দিয়ে আসছে।
কলাখালী ইউনিয়নে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে অতীতেও সংগঠনটির উদ্যোগে মানববন্ধন হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর সভাপতি মো. রানেল হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, সাধারণ মানুষের পাশে থেকে সংগঠনটির মানবিক ও সামাজিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। আগামী দুই বছরে রাস্তাঘাট সংস্কার, রক্তদান, পরিবেশ রক্ষা ও শিক্ষা সহায়তাসহ বিভিন্ন কর্মসূচিকে আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে।
তারা বলেন, কলাখালী ইউনিয়নকে মাদকমুক্ত, সুশিক্ষিত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন তারা।
নতুন কমিটির নেতৃবৃন্দ আশা করছেন, সংগঠনের সদস্যদের সমন্বিত উদ্যোগ এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আগামী দিনে কলাখালী ইউনিয়নে মানবিক ও সামাজিক কার্যক্রম আরও জোরদার হবে।

















