জনপথ ডেস্ক : পিরোজপুরে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব খানাকুনিয়ারী এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পিরোজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তারকাঠী এলাকার মো. আলমগীর মোল্লা (৪৬) এবং একই ওয়ার্ডের খানাকুনিয়ারী এলাকার মো. সাগর হাওলাদার (৩১)।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাবুবের তত্ত্বাবধানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিবির এসআই আশিক, এএসআই তুহিনসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানকালে পূর্ব খানাকুনিয়ারী এলাকায় আনজিরা বেগমের একটি পরিত্যক্ত ঘরের সামনে থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাবুব বলেন, “পিরোজপুরে মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে পিরোজপুর জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকসহ সব ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে অভিযান অব্যাহত থাকবে।

















