জনপথ ডেস্ক : পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাছির হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে ভান্ডারিয়া উপজেলার ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টারের সামনের সেতু থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাছির হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আনসার হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাবুবের তত্ত্বাবধানে এসআই মোস্তফা শওকত জামান ও এসআই শহিদুলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় নাছির হাওলাদারের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মাহাবুব বলেন, “মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “মাদকবিরোধী অভিযানে সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকসংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।”
এ ঘটনায় গ্রেপ্তার নাছির হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।














