জনপথ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর কখনো জোট হয়নি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপির বিরুদ্ধে সে সময় সব বিরোধী দল মিলে লিয়াজোঁ কমিটি গঠন করেছিল বলে উল্লেখ করেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বিএনপির সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, মাত্র সাত মাসের মধ্যেই বিএনপি ফ্যাসিবাদ কী, তা ভুলে গেছে। তাঁর অভিযোগ, চাঁদাবাজি, লুটপাট, নিজ দলের লোকজনকে বিভিন্ন জায়গায় বসানো এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা ফ্যাসিবাদের লক্ষণ।
তিনি বলেন, জামায়াতে ইসলামী জুলাইয়ের চেতনাকে ধারণ করে রাজপথে আন্দোলন করছে। অথচ বিএনপি সেই চেতনাকে ধারণ না করে দমন-পীড়নের পথে হাঁটছে।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, বিএনপি রাষ্ট্র, সরকার ও সরকারি দলকে এক করে ফেলছে। দুর্নীতি ও দলীয় কর্মীদের কর্মকাণ্ড নিয়ে কথা বললেই রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলা হচ্ছে। তাঁর দাবি, ‘জুজুর ভয়’ দেখিয়ে বিরোধী দলগুলোর ওপর দোষ চাপানো হচ্ছে এবং সরকার নিজেই স্বৈরাচারী ব্যবস্থা ফিরিয়ে আনার পথে এগোচ্ছে।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের পর সরকারের ঘুম ভেঙেছে। তাঁর মতে, এ ঘটনা বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতার পরিচয় বহন করে।
তবে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে সৌদি কর্তৃপক্ষের কাছে রায়ের অনুলিপি চাওয়া হয়েছে।

















