জনপথ ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের নেছারাবাদ উপজেলা পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।
সকালে স্বরূপকাঠী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা থেকে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ পর্যন্ত খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে জেলা প্রশাসকের দিনের কর্মসূচি শুরু হয়। ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে খাল, নালা ও জলাশয় পরিষ্কার রাখা, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারি খাল দখল ও পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ স্থাপনার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
পরে তিনি শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ পরিদর্শন করেন এবং স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমির অভিভাবক সমাবেশে অংশ নেন। এ সময় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অভিভাবকদের সম্পৃক্ততা এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিয়ে মতবিনিময় করা হয়।
পরিদর্শনকালে ১০২ নম্বর দক্ষিণ কৌড়িখাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ স্মৃতি কমিউনিটি ক্লিনিক ও ফজিলা রহমান মহিলা কলেজ পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসব প্রতিষ্ঠানে শিক্ষা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমের সার্বিক অবস্থা, পরিবেশ এবং সেবা প্রদানের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এ ছাড়া বিসিক শিল্পনগরীর অভ্যন্তরীণ খাল খনন কার্যক্রম, সুটিয়াকাঠী ইউনিয়ন ভূমি অফিস, সুটিয়াকাঠী ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং স্বরূপকাঠী পৌর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম ও জনগণকে দেওয়া সেবার মান সম্পর্কে অবহিত হন তিনি।
দিনব্যাপী কর্মসূচির বিভিন্ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরা হয়।
সবশেষে নেছারাবাদ উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি, কাজের মান ও সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
জেলা প্রশাসকের এ মাঠপর্যায়ের পরিদর্শনের মধ্য দিয়ে সরকারি সেবা কার্যক্রমের বাস্তব চিত্র পর্যবেক্ষণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্থানীয় পর্যায়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এবং উন্নয়ন প্রকল্পের যথাযথ বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং মাঠপর্যায়ে সরকারি কার্যক্রমের কার্যকারিতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।















