জনপথ ডেস্ক :
বাগেরহাটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে পরিচালিত এ অভিযানে প্রাথমিকভাবে বেশ কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় দুদকের জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল ও শ্যামল চন্দ্র সেন উপস্থিত ছিলেন।
অভিযানকালে বিআরটিএ কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম, সেবা প্রদানসংক্রান্ত নথিপত্র এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করেন দুদকের কর্মকর্তারা।
দুদকের সহকারী পরিচালক মো. আবুল কাইয়ুম হাওলাদার বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। কার্যালয়ের বেশ কিছু নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু অনিয়মের তথ্য পাওয়া গেছে। নথিপত্র পর্যালোচনা শেষে বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে।
তবে কী ধরনের অনিয়মের তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। নথিপত্র পর্যালোচনা ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।















