রিপোর্টার :
শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে কলেজ পর্যায়ে পিরোজপুর জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হয়েছে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ। শিক্ষা, শৃঙ্খলা, সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও সার্বিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানটির এ স্বীকৃতি অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনায়েত করিমের নেতৃত্বে এ অর্জনকে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডি, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
১৯৮৯ সালে প্রায় তিন একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ। সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু কলেজটির প্রতিষ্ঠাতা। তাঁর মা এবং প্রখ্যাত সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী মজিদা বেগমের নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে নারীশিক্ষার প্রসারে ভূমিকা রেখে চলেছে কলেজটি। বর্তমানে এখানে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে পাঠদানের পাশাপাশি ডিগ্রি, কয়েকটি বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রায় দেড় হাজার ছাত্রী অধ্যয়ন করছে।
শিক্ষার্থীদের পাঠদান ও ব্যবহারিক শিক্ষার সুবিধার্থে কলেজে রয়েছে সুসজ্জিত বিজ্ঞানাগার, আইসিটি ল্যাব এবং সমৃদ্ধ গ্রন্থাগার। এসব সুযোগ-সুবিধার পাশাপাশি শিক্ষা কার্যক্রম ও সহপাঠ্যক্রমিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষার পরিবেশকে সমৃদ্ধ করছে।
শিক্ষা সপ্তাহ–২০২৬-এ জেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ স্বীকৃতি ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আরও উৎসাহ জোগাবে।
প্রতিষ্ঠানটির এ অর্জনে গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ ভবিষ্যতেও নারীশিক্ষার প্রসার ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা স্থানীয় শিক্ষানুরাগীদের।
















