স্টাফ রিপোর্টার :
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর গার্ড অব অনার ও দাফন নিয়ে সৃষ্ট বিতর্কের আট দিন পর প্রতিবাদ সভা করেছেন পিরোজপুরের মুক্তিযোদ্ধা ও তাদের প্রজন্ম । সভায় একদিকে মানিক পশারীর মুক্তিযোদ্ধা পরিচয় ও গেজেটভুক্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে, অন্যদিকে তাঁর গেজেট বাতিল না হওয়া পর্যন্ত তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের নেতারা। এ সময় জামায়াত, বিএনপি ও এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে বিতর্ক ছড়ানোর অভিযোগও তোলেন সভার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল। প্রধান বক্তা ছিলেন যুদ্ধকালীন ক্যাম্প কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরদীদা খালেদ রবি। সভা সঞ্চালনা করেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু।
সভায় বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, আব্দুস সালাম বাতেন ও আব্দুল মান্নান দরাণী। এ ছাড়া কাউখালী উপজেলার এস এম দুলাল, ভান্ডারিয়া উপজেলার মো. মতিউর রহমান, মঠবাড়িয়া উপজেলার মো. মাহাবুবুর রহমান, জিয়ানগর উপজেলার আব্দুর রশিদ হাওলাদার এবং নাজিরপুর উপজেলার আকরাম খান বক্তব্য দেন। সভায় উপস্থিত ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে পিরোজপুরে দায়ের করা হত্যা মামলার সাক্ষী হিসেবে পরিচিত সাবেক জেলা কমান্ডার সমীর কুমার বাচ্চুসহ মুক্তিযোদ্ধা প্রজন্মের নেতারা।
সভাপতির বক্তব্যে ওবায়দুল কবির বাদল বলেন, মানিক পশারীকে নিয়ে যে বিতর্ক চলছে, তা শুধু জামায়াত সামনে আনেনি। তাঁর দাবি, এনসিপি ও বিএনপির মধ্যে ঘাপটি মেরে থাকা কিছু গুপ্তরা এ প্রচার চালাচ্ছে। মুক্তিযোদ্ধাদের অপমানের ঘটনা আড়াল করতেই এসব বিষয় সামনে আনা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ ছাড়া দেলোয়ার হোসেন সাঈদীর সন্তান বর্তমান পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর কাছ থেকে অর্থ নিয়ে কেউ কেউ এসব প্রচার করছেন বলেও অভিযোগ করেন বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির বাদল। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেছেন কি না, তা জানা যায়নি।
তিনি আরও বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদী যুদ্ধাপরাধের মামলায় দণ্ডিত হয়ে মারা গেছেন। আদালতের রায় পরিবর্তন না হওয়া পর্যন্ত তাঁর যুদ্ধাপরাধের দায়ের বিষয়টি বহাল থাকবে বলে মন্তব্য করেন তিনি।
মানিক পশারীর মুক্তিযোদ্ধা পরিচয় প্রসঙ্গে বাদল বলেন, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন কি না, সে প্রশ্ন থাকলেও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) মাধ্যমে তিনি গেজেটভুক্ত হয়েছেন। যত দিন তাঁর গেজেট বাতিল না হবে, তত দিন তিনি রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান পাওয়ার অধিকারী। গেজেটে নাম থাকা অবস্থায় তাঁকে অপমান করার অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানিক পশারীর ভাই চাঁন পশারীর বক্তব্যের প্রসঙ্গ ওঠে। চাঁন পশারী বিভিন্ন গণমাধ্যমের কাছে দাবি করেছেন, তাঁর ভাই অর্থের বিনিময়ে সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছিলেন এবং তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। এ বিষয়ে মুক্তিযোদ্ধা বাদল বলেন, চাঁন পশারী কী বলেছেন এবং কেন বলেছেন, সে বিষয়ে তাঁরা অবগত নন। এটি তাঁর একান্ত ব্যক্তিগত মতামত।
সাংবাদিকদের আরেকটি প্রশ্ন ছিল, মানিক পশারীর মৃত্যুর আট দিন পার হলেও তাঁর কবরের কাছে মুক্তিযোদ্ধা সংসদের কোনো সদস্য বা প্রতিনিধি দল গিয়েছিলেন কি না। জবাবে সংসদের নেতারা জানান, এ বিষয়ে তাঁদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন বলেন, অনেকে কে কে মুক্তিযোদ্ধা ছিলেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন। এ সময় তিনি মানিক পশারীর মৃত্যু পরবর্তী মিডিয়ায় মুক্তিযোদ্ধা হিসেবে বক্তব্য দেয়া মির্জা জহিরুল হককে দেখিয়ে বলেন, মুক্তিযুদ্ধের সময় তাঁর পরিবারের সদস্যরা পুরো পরিবারসহ ক্যাম্পে অবস্থান করেছিলেন। রাজনৈতিক কারনে তার গেজেট হয়নি তবে সে মুক্তিযোদ্ধা। পিরোজপুরের মুক্তিযোদ্ধাদের মধ্যে কোনো গ্রুপিং নেই বলেও দাবি করেন তিনি।
এ সময় প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার কে এম হুমায়ুন কবির খোকন তালুকদারের ছেলে মোঃ নাঈম তালুকদার মানিক পশারীর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মানিক পশারী যদি প্রকৃত মুক্তিযোদ্ধা না হয়ে থাকেন, তাহলে কারা তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন? কোন তিন সহযোদ্ধার সাক্ষ্য বা সুপারিশে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হয়েছিলেন? তাদের নাম প্রকাশসহ বিষয়টি তদন্ত করে দেখার দাবি জানান তিনি। একই সঙ্গে ওই তিন সুপারিশকারীর ভূমিকা খতিয়ে দেখে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাঁদেরও আইনের আওতায় আনার আহ্বান জানান।
নাঈম তালুকদার আরও বলেন, মানিক পশারী যদি প্রকৃত মুক্তিযোদ্ধা হয়ে থাকেন, তাহলে তাঁর মৃত্যুর পর মরদেহের সঙ্গে লাঞ্ছনা ও অসম্মানজনক আচরণ এবং গার্ড অব অনারসহ দাফনে বাধা দেওয়ার যে অভিযোগ উঠেছে, তারও সুষ্ঠু তদন্ত করতে হবে এবং এসব ঘটনায় দায়ীদের শনাক্ত করে কঠোর বিচারের আওতায় আনতে হবে। দেশের সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানের প্রশ্নে কোনো ছাড় দেওয়া যাবে না। দলাদলি কিংবা রাজনৈতিক বিবেচনায় যেন কোনো মুক্তিযোদ্ধার সম্মানহানি না হয়, সে জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্র বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো বিতর্ক কাম্য নয়। তাঁরা কে কোন রাজনৈতিক দলের অনুসারী, সেটিও বিবেচ্য বিষয় নয়। তাঁদের একটাই পরিচয়—তাঁরা দেশের সূর্যসন্তান। মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রজন্ম সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মানিক পশারী ২০২৩ সালের ১৮ জানুয়ারি মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত হন। তাঁর গেজেট নম্বর ২৯৩২। তবে কী প্রক্রিয়ায় তিনি স্বাধীনতা যুদ্ধের ৫২ বছর পরে স্বীকৃতি পেয়েছিলেন, কারা তাঁর পক্ষে সুপারিশ করেছিলেন এবং গেজেটভুক্তির পক্ষে কী কী নথি রয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। সভায় বক্তারা মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে মানিক পশারীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে ওঠা অভিযোগ এবং তাঁর মৃত্যুর পর গার্ড অব অনার ও দাফন নিয়ে সৃষ্ট বিতর্কের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও দাপ্তরিক নথিপত্র যাচাই ছাড়া মানিক পশারীকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দেওয়া সমীচীন নয়। রাষ্ট্রীয়ভাবে তাঁর গেজেটভুক্তির স্বীকৃতি বহাল থাকা পর্যন্ত তিনি আইন অনুযায়ী মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী। তবে গেজেটভুক্তির প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ করাও জরুরি।

















