মোঃ হাবিবুর রহমান :
পিরোজপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যক্রম বাস্তবায়ন ও গতিশীল করার লক্ষ্যে জেলা স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে সহায়ক উপকরণ হিসেবে হুইলচেয়ার, ক্রাচ ও ট্রাইসাইকেল বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুরের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজ ও রাষ্ট্রের মূলধারায় সম্পৃক্ত করা, তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং সরকারি সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চলমান কার্যক্রম পর্যালোচনা, সেবার মান উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও মতবিনিময় করেন কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় জানানো হয়, পিরোজপুর জেলার প্রতিবন্ধী ব্যক্তিদের কাছ থেকে পাওয়া ৩০টি আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ৩০ জনের মধ্যে প্রয়োজন অনুযায়ী হুইলচেয়ার, ক্রাচ ও ট্রাইসাইকেলসহ বিভিন্ন সহায়ক উপকরণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারি সেবার পরিধি আরও বিস্তৃত করতে হবে। জেলা স্টিয়ারিং কমিটির নিয়মিত সভা সরকারি সেবাগুলো তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করবে।
সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, চলাচলে সক্ষমতা বৃদ্ধি এবং সমাজের সব ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।















