জনপথ ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর পিরোজপুরের নবনির্মিত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ ও অবজারভেশন ওয়ার্ডের কার্যক্রম চালু হয়েছে। শনিবার (২২ আগস্ট) থেকে হাসপাতালের এ দুটি বিভাগের কার্যক্রম শুরু করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মনজুর নির্দেশনা এবং পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় প্রাথমিকভাবে ইমার্জেন্সি বিভাগ ও অবজারভেশন ওয়ার্ড চালু করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে নবনির্মিত ভবনের অন্যান্য বিভাগের কার্যক্রমও চালু করা হবে। এর মাধ্যমে পিরোজপুরের মানুষের জন্য আধুনিক ও উন্নত চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে চলতি বছরের মার্চে পিরোজপুর জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর জানিয়েছিলেন, লিফটের কাজ সম্পন্ন হওয়ার অপেক্ষা না করে হাসপাতালের বিভিন্ন ফ্লোরে ধাপে ধাপে চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ পিরোজপুর জেলার সর্বস্তরের জনগণকে নতুন হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সার্বিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
নবনির্মিত এ হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু হলে পিরোজপুরসহ আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।














