জিয়াউল হক :
পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী গ্রামে অভিযান চালিয়ে একটি বসতঘরের স্টিলের ট্রাংক থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. আমির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আমির হোসেন আলামকাঠী গ্রামের বাসিন্দা এবং মৃত দলিলউদ্দিন খা এর সন্তান।
মঙ্গলবার (১০ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, পিরোজপুরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা যায়, পিরোজপুর সদর থানাধীন আলামকাঠী গ্রামে আমির হোসেনের চার কক্ষবিশিষ্ট একতলা ভবনের পশ্চিম পাশের একটি কক্ষে থাকা স্টিলের ট্রাংকের ভেতর থেকে সিনথেটিক বাজারের ব্যাগে রাখা পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযান প্রসঙ্গে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
















