Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে পানির ওপর ভাসমান বেডে ১০ কোটি টাকার চারা, বদলাচ্ছে হাজারো মানুষের জীবন নারীদের শ্রমে সচল কৃষি অর্থনীতি, মিলেছে জাতিসংঘের আন্তর্জাতিক স্বীকৃতি

জনপথ ডেস্ক :

পানির ওপর ভাসমান কচুরিপানার বেডে চাষ হচ্ছে নানা জাতের সবজির চারা। একসময় জলাবদ্ধতাকে অভিশাপ মনে করা হলেও সেই পানিকেই কাজে লাগিয়ে জীবিকার নতুন পথ তৈরি করেছেন পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার কৃষকরা। শত বছরের ঐতিহ্যবাহী এ কৃষিপদ্ধতিতে প্রতিবছর উৎপাদিত হচ্ছে প্রায় এক কোটি সবজির চারা। যার বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। পুরুষের পাশাপাশি এ কাজে যুক্ত হয়ে সংসারের আয় বাড়াতে ভূমিকা রাখছেন গ্রামীণ নারীরাও।
নাজিরপুর উপজেলার মুগারজোর, কলারদোয়ানিয়া, মালীখালী এবং নেছারাবাদ উপজেলার বলদিয়া এলাকায় ভাসমান কৃষির বিস্তৃতি বেশি। বর্ষা মৌসুমে দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকায় কৃষকরা কচুরিপানা, শ্যাওলা ও অন্যান্য জলজ উদ্ভিদ দিয়ে তৈরি করেন ভাসমান বেড, স্থানীয়ভাবে যা ‘ধাপ’ নামে পরিচিত। এসব ধাপে মাটির পরিবর্তে পচা কচুরিপানা ও জৈব উপাদান ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে শসা, লাউ, মিষ্টিকুমড়া, বরবটি, করলা, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজির চারা। পাশাপাশি চাষ হচ্ছে নানা ধরনের শাকসবজি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই থেকে নভেম্বর পর্যন্ত মৌসুমে এ অঞ্চলে প্রায় এক কোটি বিভিন্ন জাতের সবজির চারা উৎপাদিত হয়। এসব চারা পিরোজপুর ও আশপাশের জেলা ছাড়াও খুলনা, যশোর, ঢাকা এবং দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। বর্তমানে প্রায় ছয় হাজার কৃষক সরাসরি এ পেশার সঙ্গে যুক্ত। চারা উৎপাদন ও বিপণনকে কেন্দ্র করে গড়ে উঠেছে উল্লেখযোগ্য গ্রামীণ অর্থনীতি।
ভাসমান কৃষির এ কর্মযজ্ঞে নারীদের অবদানও গুরুত্বপূর্ণ। পুরুষরা জলাশয়ে ভাসমান বেড তৈরি ও অন্যান্য কাজ করলেও নারীরা বাড়ির আঙিনা ও বেডে বীজ বপন, মাদা তৈরি, চারা পরিচর্যা এবং পোকামাকড় দমনের কাজ করেন। কচুরিপানা, শ্যাওলা ও খড়কুটো দিয়ে তৈরি করা হয় ছোট গোলাকার ‘বিড়া’। এর মধ্যে মাটি ও পচা পাতা দিয়ে বীজের অঙ্কুরোদ্গম ঘটানো হয়। পরে চারা বড় করে বিক্রির উপযোগী করা পর্যন্ত বিভিন্ন ধাপে কাজ করেন নারীরা।
তবে কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এসব নারী শ্রমিকের পারিশ্রমিক তুলনামূলক কম। পার্শ্ববর্তী বলদিয়া গ্রামের নারী শ্রমিক মর্জিনা বেগম (৩৫) বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করেও মাত্র ২০০ টাকা পান। এক হাজার মাদা তৈরি করে মজুরি পাওয়া যায় ১৫০ টাকা। এ আয় দিয়ে সংসার চালানো কঠিন। নারীদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় বাধ্য হয়ে এ কাজ করছেন। এ কাজে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে তাঁদের উপকার হতো।
এদিকে ভাসমান কৃষির প্রয়োজনীয় উপকরণ কেনাবেচাকে কেন্দ্র করে জমে ওঠে নাজিরপুর উপজেলার বৈঠাকাটা হাট। সপ্তাহের শনিবার ও মঙ্গলবার ভোর থেকেই নদীতে সারি সারি নৌকায় চলে কচুরিপানা, শ্যাওলা ও অন্যান্য উপকরণের বেচাকেনা। আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা নৌকায় করে এসব উপকরণ নিয়ে আসেন। কৃষকরাও সেখান থেকে প্রয়োজনীয় উপকরণ কিনে ভাসমান বেড তৈরির কাজ শুরু করেন।
হাটে শ্যাওলা বিক্রি করতে আসা বাগেরহাটের চিতলমারীর সনাতন বৈরাগী (৪০) বলেন, তিনি কুড়ি হিসেবে শ্যাওলা বিক্রি করেন। প্রতি কুড়ি ১৩০ থেকে ৩২০ টাকা পর্যন্ত বিক্রি হয়। বেচাকেনা ভালো হলে দিনে আট থেকে নয় হাজার টাকার শ্যাওলা বিক্রি করতে পারেন। তবে বাজার খারাপ থাকলে বিক্রি কমে যায়।
দেউলবাড়ী দোবরা ইউনিয়নের মুগারখোর গ্রামের কৃষক জয়নাল সেখ (৪৮) জানান, সাত-আট বছর ধরে তিনি ভাসমান বেড তৈরি ও সবজির চারা উৎপাদনের কাজ করছেন। নিজের কাজের পাশাপাশি গ্রামের অসচ্ছল ও কর্মহীন মানুষদেরও এ পেশায় যুক্ত করেছেন। তাঁর উদ্যোগে বর্তমানে অনেকেই জীবিকার সুযোগ পেয়েছেন।
স্থানীয় কৃষকদের এই ভাসমান কৃষিপদ্ধতির ইতিহাস প্রায় দুই শতাব্দীর। জলাবদ্ধ ও বন্যাপ্রবণ এলাকায় কৃষিকাজের অনন্য এ কৌশল শুধু স্থানীয় পর্যায়েই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। ২০১৫ সালের ১৫ ডিসেম্বর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশের ভাসমান বাগান পদ্ধতিকে ‘গ্লোবালি ইমপর্ট্যান্ট এগ্রিকালচারাল হেরিটেজ সিস্টেমস’ (জিআইএএইচএস) হিসেবে স্বীকৃতি দেয়। এ স্বীকৃতির আওতায় পিরোজপুরসহ বরিশাল ও গোপালগঞ্জের ভাসমান কৃষি ঐতিহ্য অন্তর্ভুক্ত রয়েছে। জলবায়ু পরিবর্তন ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সঙ্গে খাপ খাইয়ে কৃষি উৎপাদনের এ পদ্ধতি বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
তবে সম্ভাবনাময় এ কৃষিকে আরও সম্প্রসারণ ও লাভজনক করতে প্রয়োজন সরকারি-বেসরকারি উদ্যোগ। স্থানীয় কৃষকদের মতে, সহজ শর্তে কৃষিঋণ, আধুনিক প্রশিক্ষণ, উন্নত পরিবহনব্যবস্থা এবং চারা সংরক্ষণের উপযোগী অবকাঠামো গড়ে তোলা গেলে এ খাতের সম্ভাবনা আরও বাড়বে। বিশেষ করে দূরবর্তী জেলায় চারা পরিবহনে দ্রুত ও নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় ভাসমান বেডে উৎপাদিত সবজির চারা ঢাকা, খুলনা, যশোর ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। এ পেশার সঙ্গে প্রায় ছয় হাজার কৃষক জড়িত রয়েছেন। কৃষি অফিস থেকে তাঁদের নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।
জলাবদ্ধতাকে কাজে লাগিয়ে গড়ে ওঠা পিরোজপুরের এ ভাসমান কৃষি এখন শুধু জীবিকার মাধ্যম নয়, বরং ঐতিহ্য, কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ভিত্তি। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এ সম্ভাবনাকে আরও বহুদূর এগিয়ে নেওয়া সম্ভব।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

জলবায়ু নীতিনির্ধারণে শিশুদের অংশগ্রহণসহ উপকূলীয় শিশু ফোরামের ১৩ দফা দাবি

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

পিরোজপুরের ভান্ডারিয়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর, পুণ্যস্নান ২৪ নভেম্বর শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের অনুমতি; নিরাপদ যাতায়াতে নির্ধারিত ৫টি নৌপথ, পরিচয়পত্রসহ করতে হবে আবেদন

জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুরের মাছ ধরার অভিযোগে আলোচনায় খাদ্য কর্মকর্তা, জব্দের পর নিলামে বিক্রি

পরিচ্ছন্ন ঢাকা গড়তে জোনভিত্তিক তদারকি শুরু করলেন প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

ভান্ডারিয়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মরেও নিজ গ্রামকে বিতর্কিত করে গেলেন মানিক পশারী, আলোচনায় চিথলীয়া

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত