মাসুম বিল্লাহ, খুলনা : জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের শিশুদের সুরক্ষা, নিরাপদ পানির নিশ্চয়তা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু নীতিনির্ধারণে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশের উপকূলীয় শিশু ফোরাম। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১) এর বাংলাদেশ প্যাভিলিয়নে ১৩ দফা দাবি সংবলিত একটি নীতিপত্র উপস্থাপন করে সংগঠনটি। শুক্রবার (১৩ নভেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের কাছে নীতিপত্রটি হস্তান্তর করা হয়।
নীতিপত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উপকূলীয় শিশু ও জনগোষ্ঠীর সংকট, অধিকার এবং অগ্রাধিকার তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু নীতিনির্ধারণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিশুদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর নীতিগত পদক্ষেপ ও পর্যাপ্ত অর্থায়নের আহ্বান জানানো হয়েছে।
আলোচনা সভায় শিশু প্রতিনিধি নওশিন ইসলাম, নূর আহমদ জিদান ও নিরব হাসান লিখন উপস্থিত ছিলেন। এ ছাড়া জাগ্রত যুব সংঘের (জেজেএস) নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেনসহ সংগঠনটির অন্যান্য প্রতিনিধিরা অংশ নেন।
নীতিপত্রে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের উপকূলীয় অঞ্চলে শিশু, যুব, নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও স্থানীয় জনগোষ্ঠী ক্রমাগত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততার অনুপ্রবেশ, বন্যা ও পরিবেশগত অবক্ষয় তাদের জীবন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, জীবিকা এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে হুমকির মুখে ফেলছে।
এতে আরও বলা হয়, জলবায়ুজনিত দুর্যোগ শুধু মানুষের তাৎক্ষণিক নিরাপত্তা ও জীবনধারণের সংকট তৈরি করছে না, বরং শিশুদের মানসিক সুস্থতা, সাংস্কৃতিক পরিচয়, পারিবারিক স্থিতিশীলতা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগও ক্ষতিগ্রস্ত করছে।
এসব সংকট বিবেচনায় নিয়ে কপ৩১ ও পরবর্তী সময়ের জন্য ১৩ দফা দাবি উত্থাপন করেছে উপকূলীয় শিশু ফোরাম। দাবিগুলোর মধ্যে রয়েছে—উপকূলীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা, টেকসই ও জলবায়ু সহনশীল বেড়িবাঁধ নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ, দুর্যোগের সময় শিশুদের শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু নীতিনির্ধারণে শিশুদের অর্থবহ অংশগ্রহণের সুযোগ সৃষ্টি।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত অর্থনৈতিক ও অনর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবিলায় পর্যাপ্ত সহায়তা, জলবায়ু শিক্ষা ও দুর্যোগ প্রস্তুতি কার্যক্রম জোরদার, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মানসিক সুস্থতায় বিনিয়োগ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ আশ্রয়কেন্দ্র সম্প্রসারণের দাবি জানানো হয়েছে।
উপকূলীয় এলাকায় কর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলোর সামাজিক সুরক্ষা ও পুনর্বাসন, জলবায়ু সহনশীল কৃষি, মৎস্য ও জলজ চাষের প্রসার এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার বিষয়ও দাবিতে গুরুত্ব পেয়েছে।
একই সঙ্গে ক্ষতিকর প্লাস্টিক দূষণ ও যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ, বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা, দূষণকারী ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব নির্মাণপদ্ধতি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জলবায়ু অভিযোজন, প্রশমন ও ক্ষয়ক্ষতি মোকাবিলার সব কর্মসূচিতে শিশু, নারী, যুব, প্রতিবন্ধী ব্যক্তি ও স্থানীয় জনগোষ্ঠীর মতামত ও প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি উপকূলীয় ঝুঁকিপূর্ণ শিশুদের জন্য সুনির্দিষ্ট ও সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার দাবিও রয়েছে।
কপ৩১-এ নীতিপত্র উপস্থাপনের এই উদ্যোগকে বৈশ্বিক জলবায়ু আলোচনায় ঝুঁকিপূর্ণ শিশুদের কণ্ঠস্বর তুলে ধরার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে উপকূলীয় শিশু ফোরাম। সরকারি প্রতিনিধিদের কাছে সরাসরি নিজেদের দাবি তুলে ধরে শিশুরা চায়, তাদের উদ্বেগ ও অগ্রাধিকার জাতীয় জলবায়ু নীতি, উন্নয়ন কৌশল এবং আন্তর্জাতিক জলবায়ু অঙ্গীকারে যথাযথভাবে প্রতিফলিত হোক।
ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুরা কেবল জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী নয়, বরং পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশীদার ও অগ্রদূত। তাই জলবায়ু সহনশীল ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি পর্যায়ে তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
উত্থাপিত ১৩ দফা দাবিকে বাস্তবসম্মত নীতিগত অঙ্গীকার, পর্যাপ্ত অর্থায়ন ও কার্যকর কর্মসূচিতে রূপ দিতে সরকার, উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক অংশীজনদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।


















