মোঃ হাবিবুর রহমান :
দক্ষিণাঞ্চলের জনপদ পিরোজপুরে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। সন্ধ্যা, ভোর ও রাতে বাড়ছে শীতের অনুভূতি। সন্ধ্যা নামতেই শহরের কোলাহলমুক্ত সড়ক ও গ্রামীণ মেঠোপথে দেখা মিলছে হালকা কুয়াশার। তবে প্রতিবছরের তুলনায় এবার এখনো শীতের তীব্রতা তেমন অনুভূত হচ্ছে না। এরই মধ্যে শীতের আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১০ নভেম্বর) শীত মোকাবিলায় আগেভাগেই পুরোনো লেপ, তোশক ও বালিশ মেরামত এবং নতুন লেপ-তোষক তৈরির জন্য পিরোজপুর শহরের কাপুরিয়াপট্টি ও বাজার রোড এলাকায় ভিড় করছেন ক্রেতারা। অন্যদিকে শীতকে সামনে রেখে এসব এলাকার দোকানগুলোতে লেপ-তোষক তৈরি ও মেরামতের কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
একজন ক্রেতা জানান, শীতের আগাম প্রস্তুতি হিসেবে তিনি দুটি তোশক তৈরির অর্ডার দিয়েছেন। পাশাপাশি পুরোনো বালিশও মেরামতের জন্য দিয়েছেন। তাঁর মতে, গতবারের তুলনায় এবার দাম তেমন বাড়েনি। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় দাম স্বাভাবিক রয়েছে।
ব্যবসায়ী আলম বলেন, ‘এখনো পিরোজপুরে সেভাবে শীত পড়েনি। তবে আগাম প্রস্তুতি হিসেবে অনেকেই নতুন লেপ-তোষক তৈরি করছেন। আবার অনেকে পুরোনো লেপ, তোষক ও বালিশ মেরামতের জন্য নিয়ে আসছেন। শীত যত বাড়বে, ক্রেতার সংখ্যাও তত বাড়বে বলে আশা করছি। পণ্যের দাম আগের মতোই রয়েছে, বাড়েনি। তবে আগের তুলনায় ক্রেতা কিছুটা কম। শীত বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বেচাকেনাও বাড়বে বলে আশা করছি।’
সব মিলিয়ে শীতের তীব্রতা এখনো পুরোপুরি অনুভূত না হলেও আগাম প্রস্তুতিতে সরগরম হয়ে উঠেছে পিরোজপুরের লেপ-তোষক তৈরির দোকানগুলো। আবহাওয়ায় শীতের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে এসব দোকানে ক্রেতাদের ভিড় ও বেচাকেনা আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা।

















