জনপথ ডেস্ক : বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধার অর্থ পেতে এখন থেকে আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার যতদিন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ততদিন অবসরকালীন সুবিধার অর্থ পেতে শিক্ষকদের কোনো ধরনের হয়রানির শিকার হতে হবে না।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দীর্ঘ চার বছর ধরে আটকে থাকা ৭০ হাজার ১১৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকার বকেয়া অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদানের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ জন্য সরকার এককালীন ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। দেশের ৬৪ জেলায় একযোগে iBAS+ সফটওয়্যারের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ পাঠানো শুরু হয়েছে।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যতদিন বর্তমান নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ততদিন অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। ভবিষ্যতে কোনো মধ্যস্বত্বভোগীর হয়রানি ছাড়াই যথাসময়ে অনলাইনে প্রাপ্য অর্থ শিক্ষকদের ব্যাংক হিসাবে পৌঁছে দেওয়া হবে।
শিক্ষকদের হয়রানির সমালোচনা করে তিনি বলেন, শিক্ষকরা নীতি-নৈতিকতা ও আদর্শের শিক্ষা দিয়ে লাখো শিক্ষার্থীকে গড়ে তোলেন। অথচ তাদের নিজেদের প্রাপ্য টাকা পেতে যদি ঘুষ দিতে হয় কিংবা অফিসে অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, তাহলে সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়; বরং জাতি হিসেবে আমাদের দীনতা ও হীনতার প্রকাশ।
প্রধানমন্ত্রী বলেন, অনলাইনের মাধ্যমে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই শিক্ষকদের অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা সহজ ছিল না।
তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে ব্যাংক-বিমাসহ বিভিন্ন খাতে লুটপাটের কারণে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ তহবিলও ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাল ইনডেক্স তৈরি এবং দুর্বল ব্যাংকে অর্থ সরিয়ে নেওয়ার কারণে তহবিল দুটি প্রায় দেউলিয়া হয়ে পড়েছিল। এর ফলে ২০২২ সাল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকরা চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েন। বর্তমান সরকার বিশেষ ব্যবস্থায় বিপুল অর্থের সংস্থান করে তাদের বকেয়া পরিশোধের উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
বক্তব্যের শুরুতে প্রয়াত বেগম খালেদা জিয়াকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি শিক্ষকদের কল্যাণে তার উদ্যোগে ১৯৯১ সালে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং ২০০২ সালে অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠা করা হয়। শিক্ষা বিস্তারে, বিশেষ করে নারীদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালুর ক্ষেত্রেও তার ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমাজের ‘আলোকবর্তিকা’ আখ্যা দিয়ে তারেক রহমান বলেন, প্রচলিত নিয়মে পেশা থেকে অবসর নিলেও শিক্ষক হিসেবে তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জীবনের শেষ দিন পর্যন্ত তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সকাল সাড়ে ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ ও শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। এ ছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, শিক্ষা সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

















