মনিরুল ইসলাম চৌধুরী : বরিশাল-খুলনা মহাসড়কের পিরোজপুরের বলেশ্বর সেতুর সামনে মহিষপুরা মোড়ে মুরগির বাচ্চা বোঝাই একটি ট্রাক উল্টে চালক আটকা পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে জীবিত উদ্ধার করেন পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত চালকের নাম মো. রাজু ফকির (৩০)। তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার বাবুরহাট গ্রামের আজগর ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রাগন গ্রুপের মুরগির বাচ্চা বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-উ-১২-১৭৭১) খুলনা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে মহিষপুরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের ডোবায় উল্টে পড়ে। এ সময় ট্রাকে থাকা তিনজন আটকা পড়েন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে সক্ষম হলেও চালক ট্রাকের নিচে আটকে পড়েন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে পিরোজপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে জীবিত উদ্ধার করে।
পিরোজপুর ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর যুগল বিশ্বাস জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কৌশলগতভাবে চালককে জীবিত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাঁকে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করায় চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

















