জিয়াউল হক : ‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’—এ স্লোগান সামনে রেখে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পিরোজপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে এ দাবির পক্ষে সংসদে আইন পাস করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমির মাওলানা রশিদ আহমাদ, নায়েবে আমির মুফতি মুহাম্মদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা উবাইদুল্লাহ কাসেমী ও সহপ্রচার সম্পাদক মুফতি শফিক সাদীসহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর বলেন, ‘শেখ হাসিনাকে সামনাসামনি বলেছিলাম, কাদিয়ানীদের কাফের ঘোষণা করতে। না করলে কোন পথে পালাবেন, খুঁজে পাবেন না। শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্বাচনের আগে বলেছি, আপনার বাবা মুসলিম, মা মুসলিম, আপনিও একজন মুসলিম। শেষ নবীর পরে আর কোনো নবী নেই। তাই যারা এ দাবির বিরোধীতা করে, সেই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে সংসদে আইন পাস করুন। সকল মুসলিম এক, শেষ নবীর বিষয়ে আমরা সবাই এক।’
সম্মেলনে বক্তারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে এ দাবির পক্ষে জাতীয় সংসদে আইন পাসের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


















