দেবাশীষ মন্ডল, নেছারাবাদ :
পিরোজপুরের নেছারাবাদে প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হওয়া ও নবায়ন না থাকায় চারটি করাতকলকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার জগন্নাথকাঠি এলাকায় দুটি এবং গণমান এলাকায় দুটি করাতকলে অভিযান চালানো হয়। এ সময় প্রতিটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, করাতকলগুলোর প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ শেষ হলেও সেগুলো নবায়ন করা হয়নি। এ কারণে সংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়।
ইউএনও আশিক আহমেদ বলেন, করাতকল পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রাখা বাধ্যতামূলক। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের কাগজপত্রের মেয়াদ শেষ হয়েছে, সেগুলো দ্রুত নবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, আইন অমান্য করে প্রতিষ্ঠান পরিচালনা করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন মেনে ব্যবসা পরিচালনা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

















