জনপথ ডেস্ক : পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় জেলার সার্বিক রাজস্ব ব্যবস্থাপনা, সরকারি ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব আদায় এবং রাজস্ব প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় সরকারি ভূমি ও সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, ভূমি রাজস্ব আদায় বৃদ্ধি এবং রাজস্ব প্রশাসনের কার্যক্রম আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি)গণ, রাজস্ব শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুবাইয়াত ফেরদৌসসহ জেলা প্রশাসন ও রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জনবান্ধব ও কার্যকর রাজস্ব প্রশাসন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পিরোজপুরের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়।














