ডেস্ক নিউজ : পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। মানবিক বাংলাদেশ গঠনে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি অনুদানের অর্থ যথাযথ ও উৎপাদনশীল কাজে ব্যবহার করে আত্মনির্ভরশীল হওয়ার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।
এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্মকর্তাসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের আর্থিক সংকট লাঘবের পাশাপাশি তাঁদের স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

















