জিয়াউল হকঃ পিরোজপুরের গণমাধ্যম অঙ্গনে যুক্ত হলো নতুন দৈনিক পত্রিকা ‘জনপথ প্রতিদিন’। বুধবার (২১ অক্টোবর) সকাল ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে পত্রিকাটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। পত্রিকার প্রকাশক মো. নাঈম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জহিরুল ইসলাম, বিশেষ অতিথি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পিরোজপুর চেম্বার অব কমার্সের সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু এবং জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক।
এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
পত্রিকাটির আত্মপ্রকাশ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন,জ্যেষ্ঠ সাংবাদিক মাহমুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক এম এ রব্বানী ফিরোজ, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী ও ডেইলি অবজারভার এর জেলা প্রতিনিধি জিয়াউল আহসান, ‘পিরোজপুরের কণ্ঠ’ পত্রিকার সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, দৈনিক আমাদের সময় এর জেলা প্রতিনিধি খালিদ আবু, দৈনিক জনপথ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক খেলাফত হোসেন খসরু প্রমূখ।
বক্তারা নতুন পত্রিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানান এবং এর সাফল্য কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার মাধ্যমে ‘জনপথ প্রতিদিন’ পিরোজপুরের মানুষের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পত্রিকাটির স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম চৌধুরী, জেলা প্রতিনিধি জিয়াউল হক এবং উপজেলা প্রতিনিধি আবুল কালাম ও নাজমুল হোসেনসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন এবং পত্রিকাটির মোড়ক উন্মোচন করেন। ‘মাটি ও মানুষের কণ্ঠস্বর’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা দৈনিক জনপথ প্রতিদিন পিরোজপুরের স্থানীয় সংবাদ, জনদুর্ভোগ, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা।

















