জনপথ ডেস্ক:
ঝালকাঠির নলছিটিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বাসের কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দপদপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি গ্রিনভিউ পরিবহনের হেলপার। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈরী আবহাওয়ার মধ্যে বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা আবদুল্লাহ পরিবহনের মধ্যে এ সংঘর্ষ হয়। মহাসড়কের একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুটি মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় দুই বাসের কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, নিহত হেলপারের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

















