মাসুম বিল্লাহ, খুলনা : খুলনা নগরীর শিববাড়ি মোড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে স্থাপিত সবার আগে বাংলাদেশ লেখা তোরণ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি এ হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে তোরণের একাংশে আগুন ধরে গেলেও পুলিশ দ্রুত তা নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি শিববাড়ি মোড়ে স্থাপিত তোরণটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। বিস্ফোরণের পর তোরণের একাংশে আগুন ধরে যায়। পরে পুলিশ আগুন নিভিয়ে ফেলে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তাঁরা কাজ করছেন। খুলনায় বাসসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে এবং মানুষ শান্তিতে রয়েছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে খুলনার মাটিতে কোনো কার্যক্রম চালাতে দেওয়া হবে না ।
তিনি অভিযোগ করেন, আগুন দিতে পারলে সাত হাজার টাকা এবং বোমা মারতে পারলে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে লোক ভাড়া করে বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চলছে। সরকারি অফিস-আদালত ও দলের নেতাদের বাড়ি হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলেও দাবি করেন তিনি। বিএনপির নেতাকর্মীরা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন বলে জানান।
শফিকুল আলম তুহিন আরও বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা দেশের মানুষকে আওয়ামী লীগের ধ্বংসাত্মক কর্মকাণ্ড সম্পর্কে ধারণা দিয়েছে। তিনি দাবি করেন, জনগণ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান করেছে। সরকারি বাহিনী বিভিন্ন ঘটনায় সংযম দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণকে সম্পৃক্ত করে সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবে বিএনপি।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে শিববাড়ি মোড়ে স্থাপিত নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যানার লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত পেট্রোল বোমা নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করলে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনাস্থলে পুলিশের ক্যাম্প থাকলেও হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগে শিববাড়ি মোড়ে জুলাই সনদসংক্রান্ত স্থাপনাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।
ক্যাপশন:প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে শিববাড়ি মোড়ে স্থাপিত তোরণ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।


















