জনপথ ডেস্ক : পিরোজপুরের কাউখালীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান ওরফে শাওন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক সারে ৭টায় উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শিয়ালকাঠি চৌরাস্তা এলাকায় মোসলেম আলী আকন সুপার মার্কেটের সামনে পিরোজপুর-বরিশাল মহাসড়কের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ মেহেদী হাসান ওরফে শাওন কাউখালী উপজেলার আইরন ঝাপর্সি এলাকার মৃত মোঃ খলিলুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব এর তত্ত্বাবধানে এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর কাছ থেকে ১০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুব বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।”
















