মাসুম বিল্লাহ, খুলনা : খুলনায় ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টার ১৪ বছর আগের ঘটনার করা মামলায় তদন্ত কর্মকর্তার দেওয়া চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) প্রত্যাখ্যান করে আদালতে নারাজি আবেদন করেছেন মামলার বাদী রায়হান বিন কামাল। বুধবার সকালে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক ফারুক ইকবালের কাছে তিনি এ আবেদন জমা দেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট স্বপন দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা বাদীকে জিজ্ঞাসাবাদ করেননি, সাক্ষীদের বক্তব্য নেননি। এমনকি চিকিৎসা নেওয়া হাসপাতালের কাগজপত্রও সংগ্রহ করেননি। প্রাণভয়ে বাদী পালিয়ে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হয়েছিলেন। অথচ তদন্ত কর্মকর্তা আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে ফাইনাল রিপোর্ট জমা দিয়েছেন। এসব কারণে ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করা হয়েছে।
এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদের দায়মুক্তি দেওয়ার অভিযোগ তুলে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ মার্চ গুরুতর অসুস্থ বাবার চিকিৎসার জন্য খুলনার পিটিআই মোড়ের অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ির উদ্দেশে রওনা হন রায়হান বিন কামাল। সোনাডাঙ্গা থানার সঙ্গীতা সিনেমা হলের মোড়ে পৌঁছালে সিটি কলেজ ছাত্রলীগের তৎকালীন ভিপি প্রার্থী বিএম মহিমের নেতৃত্বে ১৪-১৫টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ফারাজী পাড়ায় সাবেক স্পিকারের বাড়ির গলিতে নিয়ে যায়।
সেখানে আগে থেকে অবস্থান করা সাদী নামের এক ব্যক্তি তাঁর মোবাইল ফোন ও বাবার চিকিৎসার জন্য রাখা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। এতে বাধা দিলে তাঁকে ছুরিকাঘাত করা হয়। এতে তাঁর হাতের রগ কেটে যায়। পরে দুর্বৃত্তরা তাঁকে অটোরিকশায় করে শান্তিধাম ফুল মার্কেট এলাকায় নিয়ে যায়।
ওই সময় ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হামলার শিকার হন তৎকালীন সিটি কলেজ ছাত্রদলের দুই নেতা। তাঁরা হলেন নির্বাচনে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী রায়হান বিন কামাল ও এজিএস প্রার্থী ইশতিয়াক আহমেদ ইস্তি। নির্বাচন থেকে তাঁদের বিরত রাখতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
বাদীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে ঘটনার পর মামলা নেওয়া হয়নি। পরে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর ঘটনার প্রায় ১৪ বছর পর মামলা করেন রায়হান বিন কামাল। তিনি বর্তমানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা সদর থানার সদস্যসচিব। গত ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমরান হোসাইন আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনের বিরুদ্ধেই এবার নারাজি আবেদন করেছেন বাদী।
মামলার বাদী রায়হান বিন কামাল বলেন, ঢাকার একটি হাসপাতালে দুই দিন আইসিইউতে থাকার পর আমার জ্ঞান ফেরে। পরে চট্টগ্রামে গিয়ে চিকিৎসা নিতে হয়। আমার শারীরিক অবস্থা দেখে বাবা হৃদরোগে আক্রান্ত হন। ঘটনার ছয় মাসের মধ্যেই তিনি মারা যান। বাবার মৃত্যুর জন্য এখনো পরিবারের সদস্যরা আমাকে দায়ী করেন। ওই ঘটনার পর থেকে আমি আর খুলনায় ফিরতে পারিনি।
তিনি আরও অভিযোগ করে বলেন, মামলা হওয়ার পর একাধিকবার আসামিদের অবস্থান পুলিশকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি পুলিশ। এ ছাড়া তিন দফায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ তদন্ত কর্মকর্তা তাঁকে কিছু না জানিয়েই আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যেতে আমিন নারাজির আবেদন করছি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমরান হোসাইন বলেন, ঘটনাটি প্রায় ১৪ বছর আগের। মামলা প্রমাণের মতো কোনো কাগজপত্র বাদী সরবরাহ করতে পারেননি। চিকিৎসার প্রতিবেদন চেয়ে হাসপাতালের সুপারকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। সাক্ষী হাজির করার জন্য সদর থানার মাধ্যমে বাদীকেও একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি কোনো সাক্ষী বা প্রয়োজনীয় নথিপত্র দিতে পারেননি। কোনো প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া যায় না। তাই মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।


















