রিয়াদ মাহমুদ,কাউখালী :
পিরোজপুরের কাউখালীতে ৫৭ নম্বর কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান কার্যক্রম চলছে। ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়া, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ পানিতে তলিয়ে যাওয়া, জলাবদ্ধতা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। এতে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরাও।
১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে দুই শিফটে ১৭৫ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব শিক্ষার্থীর পাঠদানের জন্য রয়েছেন ছয়জন শিক্ষক। তবে বিদ্যালয়টির সবচেয়ে বড় সংকট এখন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবকাঠামো।
বিদ্যালয়ের পুরোনো ভবনটির অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে শিক্ষকদের বসার কক্ষ ও লাইব্রেরি রুমটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছাদ চুইয়ে পানি পড়ার পাশাপাশি প্রায়ই পলেস্তারা খসে পড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা। এর আগেও ভবনের পলেস্তারা ধসে শিক্ষক ও অভিভাবক আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
শুধু ভবনই নয়, বিদ্যালয়ের মাঠ ও পরিবেশ নিয়েও রয়েছে নানা সমস্যা। সামান্য বৃষ্টি হলেই মাঠ পানিতে তলিয়ে যায়। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি কিছুটা বাড়লেই বিদ্যালয়ের চারপাশ পানিতে ডুবে যায়, ব্যাহত হয় যাতায়াত। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বৃষ্টির সময় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়।
এ ছাড়া বিদ্যালয়ের পেছনের পূর্ব পাশে থাকা ডোবায় পানি জমে থাকায় মশার উপদ্রব বাড়ছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু ও মশাবাহিত রোগের আতঙ্ক বিরাজ করছে। পর্যাপ্ত খেলাধুলার মাঠ না থাকা এবং শৌচাগারের নানা সমস্যার কারণেও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যালয়টির এমন পরিস্থিতিতে দ্রুত একটি নতুন ঊর্ধ্বমুখী ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, নতুন ভবন নির্মাণের পাশাপাশি মাঠ ভরাট, পানি নিষ্কাশন ও প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি হবে।
ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে গিয়ে ভয়ের কথা জানিয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়েশা আক্তার বলে, ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করতে আমাদের খুব ভয় লাগে।
অভিভাবক ফারজানা উদ্বেগ প্রকাশ করে বলেন, “বিদ্যালয়ের পুরোনো ভবনটি এতটাই ঝুঁকিপূর্ণ যে সন্তানদের স্কুলে পাঠাতে আমাদের বুক কাঁপে। যেকোনো সময় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথিকা সাহা বলেন, ঝুঁকিপূর্ণ লাইব্রেরি ও ভবনে আমাদের অত্যন্ত ভয় নিয়ে বসতে হয় এবং কার্যক্রম চালাতে হয়। পুরোনো ভবনের সমস্যার বিষয়টি আমরা ইতোমধ্যে উপজেলা শিক্ষা অফিসকে লিখিত ও মৌখিকভাবে জানিয়েছি।
কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত আছি। বিদ্যালয়ের এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


















