জনপথ ডেস্ক :
গোপালগঞ্জের মুকসুদপুরে একের পর এক ১০টি যানবাহনের সংঘর্ষে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২৫ থেকে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, ঢাকা থেকে নির্বাচনী এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়ি। মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়ি দুটি ক্ষতিগ্রস্ত হলেও সংসদ সদস্য অক্ষত ও সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এক শোকবার্তায় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
















