জিয়াউল হক : পিরোজপুরে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের শহিদ ওমর ফারুক মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের এই অর্জন তাদের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
তিনি শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে অভিভাবক ও শিক্ষকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে ভবিষ্যৎ শিক্ষাজীবনেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের আগামী দিনের পথচলায় উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

















