জনপথ ডেস্ক : পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হয়। সভা সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়।
সভায় পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার এসব বিষয় গুরুত্বের সঙ্গে শুনে দ্রুত ও কার্যকরভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে নিয়মিত ছুটি প্রদান, আবাসন ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসাসেবা ও মানসম্মত খাবার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার। পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রেখে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা দেন তিনি।
পুলিশ সদস্যদের দেশপ্রেম, পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, সাধারণ মানুষের আস্থা অর্জনই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। জনগণের সঙ্গে দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমে সেই আস্থা আরও সুদৃঢ় করতে হবে।
সভা শেষে দায়িত্ব পালনে বিশেষ অবদান ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী (পিপিএম), জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), রিজার্ভ অফিসের কর্মকর্তা, রিজার্ভ অফিস-১, সিভিল স্টাফসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

















