পিরোজপুরের নাজিরপুরে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল আবাসন আদর্শগ্রামে বন্যাদুর্গত শতাধিক পরিবারের মাঝে জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।
পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেড ক্রিসেন্টের সভাপতি ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রিপল, তাবু ও মহিলা স্বাস্থ্যসেবা কিটস তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান টিপু হাজরা, মো. তাওহীদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শ্রমিকদল নেতা মো. মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সহায়তা প্রদানকালে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “বন্যার কারণে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাদের দুর্ভোগ কিছুটা লাঘবের জন্য রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জরুরি সহায়তা প্রদান করা হয়েছে। বিশেষ করে নারীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী নিশ্চিত করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিক দায়িত্ববোধ থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

















