মোঃ হাবিবুর রহমান :
নিরাপত্তাজনিত কারণে পিরোজপুর থেকে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে পিরোজপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
তবে পিরোজপুর থেকে অভ্যন্তরীণ ও স্থানীয় রুটে বাস চলাচল কিছুটা কম থাকলেও মোটামুটি স্বাভাবিক রয়েছে।
ঢাকাগামী দোলা পরিবহনের টিকিট বিক্রেতা রাজ্জাক বলেন, বুধবার দুপুর ১টায় সর্বশেষ বাস ছেড়ে গেছে। এরপর থেকে আর কোনো বাস ছেড়ে যায়নি।
ইমাদ পরিবহনের টিকিট বিক্রেতা মিলন জানান, নিরাপত্তাজনিত কারণে মালিকপক্ষের সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) পরিস্থিতি ভালো হলে বাস চলাচল শুরু হতে পারে।
দোলা পরিবহনের সুপারভাইজার রুবেল বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি ভালো নয়। সড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি এবং যানবাহনে অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। গাড়ি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
এদিকে পিরোজপুর বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম গাজী জানান, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও স্থানীয় রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাসগুলোর মালিকানা ও পরিচালনাব্যবস্থা আলাদা। এসব বাস চলাচল বা বন্ধ রাখার বিষয়ে সংশ্লিষ্ট মালিকরাই নিজস্ব সিদ্ধান্ত নিয়ে থাকেন।
হঠাৎ করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল কবে শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

















