ডেস্ক নিউজ : সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন), গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল তথ্য প্রচারের লক্ষ্যে পিরোজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ডিজিটাল যুগে সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করলে তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তথ্য শেয়ার বা প্রচারের আগে অবশ্যই এর সত্যতা যাচাই করা জরুরি।”
তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমকে ইতিবাচকভাবে ব্যবহার করে জনসচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মী, সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় প্রেজেন্টেশনের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচারের বিভিন্ন দিক এবং এসব প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, এনএসআই-এর যুগ্ম পরিচালক মো. মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত, জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।













